দক্ষিণপূর্ব ডেস্ক
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর এবং দুই দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে সংযোগ স্থাপনে গভীর আগ্রহ প্রকাশ করেছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।
তোবগে বলেন, ভুটানের গেলেপু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি) অর্থনৈতিক অঞ্চলকে কুড়িগ্রামে ভুটানি বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যুক্ত করা গেলে উভয় দেশ ব্যাপকভাবে উপকৃত হবে।
অধ্যাপক ইউনূস প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, উন্নত যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ-ভুটান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। তিনি দুই দেশকে বাণিজ্য সম্প্রসারণের সব সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী ধর্মীয় পর্যটন, জলবিদ্যুৎ সম্ভাবনা, ওষুধশিল্পে বিনিয়োগ এবং ফাইবার অপটিক সংযোগ বিষয়ে সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেন। এছাড়া, রোহিঙ্গা সংকট নিয়েও দুই নেতা আলোচনা করেন।
অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে শেরিং তোবগে বলেন, বাংলাদেশ এখন সঠিক নেতৃত্বে রয়েছে। তিনি ইউনূসকে ব্যক্তিগতভাবে ‘আদর্শ’ উল্লেখ করে শ্রদ্ধাভরে সম্বোধন করেন—‘মাই প্রফেসর’।
ভুটানের প্রধানমন্ত্রী সম্প্রতি থিম্পুতে উদ্বোধন হওয়া বাংলাদেশের নতুন চ্যান্সারি ভবনেরও প্রশংসা করেন। বৈঠকে তিনি প্রধান উপদেষ্টার আমন্ত্রণ গ্রহণ করে জানান, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে ঢাকা সফরে আসতে পারেন।
সূত্র: বাসস
এসএস
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।