শনিবার (১৭ অক্টোবর) দুপুরে পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আবু (২১), জিহান উদ্দীন (২৪), মো. সম্রাট (২৪), মো. রাশেদ (২৪) ও মো. জাবেদ (৩৩)।
পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে ভূজপুর থানার পঞ্চবটি চা-বাগানের ভেতরে মসজিদসংলগ্ন একটি কাঁচা রাস্তায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় চা-বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল দাশ (৬০) ও পল্লিচিকিৎসক বাবুল দাশের (৫৩) ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাঁদের কাছে থাকা শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
ঘটনার পরপরই চা-বাগানের শ্রমিকদের সহায়তায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আবু ও জিহান উদ্দীনকে গ্রেপ্তার করে ভূজপুর থানা-পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত আনুমানিক দুইটার দিকে পঞ্চবটি চা-বাগানসংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে সম্রাট ও রাশেদকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভূজপুর থানায় মামলা করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ অক্টোবর বিকেল চারটার দিকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি জাবেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ৫০ টাকার ৬০টি নোট, মোট ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সম্রাটের বিরুদ্ধে চুরির একটি মামলা রয়েছে। রাশেদের বিরুদ্ধে দস্যুতা ও মারামারির দুটি মামলা এবং জিহান উদ্দীনের বিরুদ্ধে মারামারির একটি মামলা রয়েছে। অন্যদিকে, জাবেদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, অপহরণ, চাঁদাবাজি, চুরি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট নয়টি মামলা রয়েছে। আবুর বিরুদ্ধে কোনো মামলার তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানায়, এ ঘটনায় একটি লোহার তৈরি ধারালো ছোরা, উদ্ধার করা ৩ হাজার টাকা, দুটি স্মার্টফোন ও তিনটি বাটন ফোন জব্দ করা হয়েছে। ছিনতাই হওয়া বাকি ৭ লাখ ৩০ হাজার টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছিনতাই হওয়া অবশিষ্ট টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।