আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে সহজে নিজেদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারেন, সে জন্য চারটি সহজ পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল অ্যাপ, হটলাইন, এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
যে চারটি পদ্ধতিতে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর—
১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ
ভোটাররা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন। এরপর অ্যাপের ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ অপশন নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্ম তারিখ প্রদান করলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর এবং ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।
২. হটলাইন নম্বর ১০৫
সরাসরি কথা বলে তথ্য জানতে ভোটাররা ১০৫ নম্বরে কল করতে পারবেন। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ সেবার জন্য ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে।
৩. এসএমএস সেবা
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC NID লিখে একটি স্পেস দিয়ে এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।
৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট
ভোটাররা ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল ব্রাউজার ব্যবহার করে নির্বাচন কমিশনের ওয়েবসাইট (ecs.gov.bd)–এ প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করে তথ্য জানতে পারবেন। এখানে দু’টি উপায় রয়েছে—
একটি হলো নির্বাচনী এলাকা বা উপজেলা/থানা নির্বাচন করে ভোটকেন্দ্রের তালিকা দেখা এবং অন্যটি হলো এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে সরাসরি ভোটার নম্বর ও ভোটকেন্দ্র খুঁজে পাওয়া। এছাড়া ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান, দূরত্ব ও যাওয়ার পথ দেখার সুবিধাও রয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।