নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, ভোটাধিকার ও উন্নয়নের স্বার্থে মানুষ পরিবর্তন চায়। মানুষ ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক পরিবেশের ফিরে আসতে চায়।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ফটিকছড়িতে বিএনপি প্রার্থীর সমর্থনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় পর্যায়ে নির্বাচনী তৎপরতা জোরদার হচ্ছে। এরই অংশ হিসেবে দাঁতমারা ইউনিয়নের হেয়াকো চৌধুরী পাড়ায় সন্ধ্যায় বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন হেয়াকো বনানী ডিগ্রি কলেজের সাবেক সভাপতি মোজাম্মেল হায়দার চৌধুরী বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূজপুর থানা কৃষক দলের সদস্যসচিব বেলাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর বলেন, মানুষ ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক পরিবেশের ফিরে আসা চায়। ফটিকছড়ির উন্নয়নে জনসম্পৃক্ত পরিকল্পনা ও অধিকার রক্ষায় ধানের শীষের পক্ষে গণসমর্থন বাড়ছে।
তিনি নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানান।
বিএনপির স্থানীয় নেতারা জানান, নির্বাচনী প্রচারকে জনসম্পৃক্ত করতে তৃণমূল পর্যায়ে ধারাবাহিকভাবে এ ধরনের বৈঠক আয়োজন করা হচ্ছে। তাঁরা বলেন, ভোটারদের মধ্যে উৎসাহ বাড়ছে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলে জনগণের মতের প্রতিফলন ঘটবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহম্মদ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, নাজিম উদ্দিন শাহীন, নাজিম উদ্দিন বাচ্চু, আবুল খায়ের, ইউসুফ চৌধুরী, কামাল উদ্দিন, আবদুল মালেক, আতিক চৌধুরী, মো. মিলটন, একরামুল হক একরাম, শাকিল চৌধুরী রনি প্রমুখ।
উঠান বৈঠকে অংশ নেয়া এলাকাবাসী শিক্ষা, সড়ক যোগাযোগ, কৃষি সহায়তা, তরুণদের কর্মসংস্থান ও স্থানীয় অবকাঠামো উন্নয়নসহ নানা দাবি তুলে ধরেন। বক্তারা এসব সমস্যা সমাধানে স্থানীয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
রহা
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।