দক্ষিণ পূর্ব

মঙ্গলবার থেকে ঢাকার রাস্তায় চলবে ‘পিংক বাস’: চালক-কন্ডাক্টরও নারী

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬
পঠিত :
মঙ্গলবার থেকে ঢাকার রাস্তায় চলবে ‘পিংক বাস’: চালক-কন্ডাক্টরও নারী

চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে পিংক-বাস

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য নতুন সংযোজন হতে যাচ্ছে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হতে যাওয়া এই বাসে যাত্রীদের সেবা দেওয়ার পাশাপাশি চালক ও কন্ডাক্টরের দায়িত্বেও থাকবেন নারীরা।

 

বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করা হবে। বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

 

বিআরটিসি জানিয়েছে, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ এই বাস সার্ভিসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। বাসগুলো পিংক রঙের হবে।

 

এই উদ্যোগের মধ্য দিয়ে রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষায়িত সেবা চালুর পাশাপাশি বাস পরিচালনায় নারীদের অংশগ্রহণেরও সুযোগ তৈরি হচ্ছে।

 

 তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা। এ উদ্যোগের মাধ্যমে রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর পাশাপাশি বাস পরিচালনার মতো পেশায় নারীদের অংশগ্রহণ আরও বাড়বে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

এসআই/দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।