চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরে মশক নিধন কার্যক্রম আরও জোরদারভাবে চালানো হবে। কোনো এলাকায় ওষুধ ছিটানো না হলে সংশ্লিষ্ট ওয়ার্ড সচিব বা সুপারভাইজারের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (৩ এপ্রিল) প্রবর্তক মোড় এলাকায় হিজড়া খাল সংস্কার কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় মেয়র দ্রুত সময়ের মধ্যে খালের কাজ শেষ করার নির্দেশনা দেন।
মেয়র বলেন, চলতি বছর বর্ষা মৌসুমে নগরের জলাবদ্ধতা আগের তুলনায় কিছুটা কমলেও বেশ কয়েকটি এলাকায় পানি জমেছিল। “আমি নিজে পানিতে নেমে নালা পরিষ্কার করেছি এবং সমস্যার কারণ খুঁজেছি। তখনই বুঝেছি, সাময়িক নয়—স্থায়ী সমাধান দরকার,”—বলেন তিনি।
তিনি জানান, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের অধীনে ৩৬টি খাল খনন প্রকল্পের অংশ হিসেবে হিজড়া খালের খনন, সম্প্রসারণ ও সংস্কার কাজ চলছে। খালটি গোল পাহাড়–মেহেদিবাগ এলাকা থেকে শুরু হয়ে কাতালগঞ্জ, পাঁচলাইশ, দামপাড়া, বাকলিয়া, চকবাজার ও কাপাসগোলা হয়ে ফুলতলী–চাক্তাই খালে গিয়ে মিলেছে।
দীর্ঘদিন দখল ও অপরিকল্পিত স্থাপনার কারণে খালটির প্রস্থ অনেক জায়গায় ৩০ ফুট থেকে কমে ১২-১৫ ফুটে নেমে এসেছে। আরএস, পিএস ও বিএস ম্যাপ অনুযায়ী খালের প্রকৃত প্রস্থ ফিরিয়ে আনতে এই সংস্কার কাজ পরিচালিত হচ্ছে।
মেয়র আরও বলেন, বৃহত্তর জনস্বার্থে খালের জায়গা দখল করে গড়ে ওঠা কিছু স্থাপনা আংশিক অপসারণ করতে হবে। খননকাজের সময় অস্থায়ী বাঁধ দেওয়ায় সাময়িকভাবে পানি জমে কিছুটা ভোগান্তি তৈরি হলেও আগামী দুই মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে এবং এলাকা স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত হবে।
তিনি জানান, হিজড়া খাল ও জামালখান খাল—এই দুটি খাল নগরের জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জামালখান খালের সংস্কার কাজও সমান্তরালে চলছে এবং দ্রুত শেষ হওয়ার আশা করা হচ্ছে।
নগরকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ শহরে রূপান্তরের লক্ষ্যে চসিক ১ হাজার ৬০০ কিলোমিটার ড্রেন উন্নয়ন, আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) স্থাপন, দখলমুক্ত ফুটপাত এবং পুনর্বাসনভিত্তিক অবকাঠামো উন্নয়নের কাজ ধাপে ধাপে বাস্তবায়ন করছে বলেও জানান মেয়র।
এদিকে, খাল সংস্কারের কারণে সাময়িক জলাবদ্ধতায় নগরবাসীকে কিছুটা ভোগান্তিতে পড়তে হলেও দ্রুত পানি নিষ্কাশনের জন্য পাইপ স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।