চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের আগে সদরঘাট থানার পোস্ট অফিসসংলগ্ন জামে মসজিদের ইমাম তামজিদ রহমান তাঁর অফিস কক্ষে ২ লাখ ২০ হাজার টাকা রেখে যান। পরে আসরের নামাজ শেষে কক্ষে ফিরে তিনি টাকাগুলো খুঁজে না পেয়ে বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেন। একপর্যায়ে মসজিদের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি কক্ষে প্রবেশ করে টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছেন।
এ ঘটনায় রাত সাড়ে ৯টার দিকে সদরঘাট থানায় লিখিত অভিযোগ করেন ইমাম তামজিদ রহমান। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন হিসেবে মো. আরিফ (৩৬) নামের এক ব্যক্তিকে শনাক্ত করে।
পরে সদরঘাট থানার এএসআই ইসমাইল ও মোশফিকের নেতৃত্বে একটি দল হালিশহর থানার ঈদগাহ বরফকল এলাকার সোনা শাহ মাজারসংলগ্ন শফি সওদাগরের বাড়িতে অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মো. সুমন (৩৬) নামের আরেকজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আরিফের কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা এবং সুমনের কাছ থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, অভিযোগ পাওয়ার পরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান পরিচালনা করা হয়। চুরির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, চুরি হওয়া অর্থের একটি অংশ উদ্ধার করা গেলেও বাকি টাকা অনলাইন জুয়া খেলে খরচ করে ফেলেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।