শাখাওয়াত সোহান
শারীরিক ব্যায়ামের মতোই মানসিক ব্যায়াম বা ব্রেন এক্সারসাইজও আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি যেমন মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়, তেমনি স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি উন্নত করে, সমস্যা সমাধানের দক্ষতাও বাড়িয়ে তোলে। বিশেষজ্ঞদের মতে, দিনের শুরুতে মাত্র কয়েক মিনিট সময় নিয়েই মস্তিষ্ককে সক্রিয় রাখা সম্ভব।
১. অভ্যাসে পরিবর্তন আনুন:
প্রতিদিনের একঘেয়ে রুটিন থেকে বেরিয়ে আসুন। অন্য হাতে দাঁত ব্রাশ করা, নতুন রাস্তায় অফিস যাওয়া বা সকালের কাজের ধরনে পরিবর্তন আনার মতো ছোট অভ্যাস বদল মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে এবং মানসিক নমনীয়তা বাড়ায়।
২. মনে মনে অঙ্ক করুন:
ক্যালকুলেটর ছাড়াই বাজারের হিসাব মনে মনে করুন। এটি স্মৃতিশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে সাহায্য করে।
৩. ৩ মিনিটে গল্প বলার চ্যালেঞ্জ:
যেকোনো একটি বিষয় নিয়ে ৩ মিনিটে একটি গল্প বলুন বা লিখুন। এতে সৃজনশীলতা ও কথা বলার দক্ষতা যেমন বাড়ে, তেমনি মস্তিষ্কের বিভিন্ন অংশ সক্রিয় হয়।
৪. চারটি ইন্দ্রিয়ের চর্চা:
দুই মিনিট সময় নিয়ে দেখুন, শুনুন, গন্ধ নিন ও স্পর্শ অনুভব করুন। সকালের প্রাকৃতিক পরিবেশে বসে চারপাশে খেয়াল করুন। এতে মনোযোগ বাড়ে ও মানসিক চাপ কমে।
৫. শব্দ সংযোগের খেলা:
একটি শব্দ ধরে তার সঙ্গে সম্পর্কিত ২০টি শব্দ ভাবুন। বিরতি ছাড়া দ্রুত ভাবতে চেষ্টা করুন। এতে চিন্তার গতি ও ভাষাগত দক্ষতা বাড়ে।
৬. মেমোরি টেস্ট:
জটিল ছবি বা শব্দের তালিকা ৬০ সেকেন্ড দেখার পর চোখ বন্ধ করে মনে রাখার চেষ্টা করুন। নিয়মিত চর্চায় স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ে।
৭. মনোযোগ দিয়ে হাঁটুন:
প্রতিদিন সকালে হাঁটার সময় মোবাইল বা হেডফোন ব্যবহার না করে চারপাশের দৃশ্য পর্যবেক্ষণ করুন। এটি পর্যবেক্ষণ ক্ষমতা ও মনোযোগ বাড়ায়।
৮. মিরর রাইটিং ও উল্টো হাতের চর্চা:
আয়নার মতো করে উল্টোভাবে লিখুন বা ছবি আঁকুন। ডানহাতি হলে বাঁ হাতে লিখুন। এতে মস্তিষ্কের সক্রিয়তা ও হাতের নিয়ন্ত্রণ বাড়ে।
৯. মাইন্ড ম্যাপ চ্যালেঞ্জ:
প্রতিদিন মাত্র ৫ মিনিট সময় নিয়ে একটি বিষয় নিয়ে মাইন্ড ম্যাপ তৈরি করুন। যেমন ‘স্বাস্থ্য’ নিয়ে লিখতে পারেন—পুষ্টিকর খাবার, ঘুম, ব্যায়াম ইত্যাদি। এটি সৃজনশীলতা ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন মাত্র ১৫-২০ মিনিট এই সহজ অনুশীলনগুলো করলেই মস্তিষ্ক থাকবে তরতাজা, মন থাকবে ফুরফুরে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।