ফটিকছড়ি প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের অবদান ও তাঁদের রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়টি সামনে রেখে আগামী ২২ আগস্ট স্মরণসভার আয়োজন করা হচ্ছে। এতে অংশ নিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি।
শনিবার (১৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে তোলা একাধিক ছবি প্রকাশ করে আমন্ত্রণ জানানোর বিষয়টি জানান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা, আত্মত্যাগ ও অবদান তুলে ধরার পাশাপাশি তাঁদের রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়েও আলোচনা হবে।
এর আগে গত ১৯ জুলাই রাজধানীর পল্টন টাওয়ারে এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জুলাই আন্দোলনে কওমি মাদরাসার শিক্ষার্থীদের ভূমিকা আলাদাভাবে সংরক্ষণ ও মর্যাদা দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে ১৯ জুলাইকে ‘কওমি মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার কথা জানান তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদরাসা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সেই অবদানকে স্মরণ ও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির বিষয়টি আলোচনায় আনতেই এবারের স্মরণসভাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরএইচ/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।