বৃহস্পতিবার সেই সেবাপ্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বললেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শুধু অফিসের কার্যক্রম পরিদর্শন নয়, তিনি জানতে চাইলেন সাধারণ মানুষ ভূমি অফিসে এসে কেমন সেবা পাচ্ছেন, কোথাও তাঁদের ভোগান্তিতে পড়তে হচ্ছে কি না।
পরিদর্শনের একপর্যায়ে কয়েকজন সেবাপ্রার্থীর হাতে নিজ হাতে খতিয়ান তুলে দেন জেলা প্রশাসক। কাঙ্ক্ষিত নথি হাতে পাওয়ার সেই মুহূর্তে সেবাপ্রার্থীদের জন্য বিষয়টি ছিল স্বস্তির।
জেলা প্রশাসক এদিন চান্দগাঁও সার্কেল ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং সেবাপ্রার্থীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
পরিদর্শন শেষে কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘ভূমি অফিসের প্রতি সাধারণ মানুষের যে নেতিবাচক মনোভাব রয়েছে, তা দূর করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। জনগণ যাতে সহজেই তাঁদের কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’
তিনি ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি সেবাপ্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তাঁদের বক্তব্য শোনার এই উদ্যোগকে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেনসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।