দক্ষিণ পূর্ব

মালয়েশিয়া-চীন সফর শেষে মা-বাবার কবর জিয়ারতে প্রধানমন্ত্রী

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৭ জুন ২০২৬
পঠিত :
মালয়েশিয়া-চীন সফর শেষে মা-বাবার কবর জিয়ারতে প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

মালয়েশিয়া ও চীনে এক সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কবর জিয়ারত ও দোয়া শেষে তিনি পুনরায় রাষ্ট্রীয় দায়িত্ব পালনে যোগ দেন।

 

শনিবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে গিয়ে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

 

এর আগে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে চীনের বেইজিং থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে তিনি বেইজিং থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

 

গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে ঢাকা ত্যাগ করেন তারেক রহমান। সফরের প্রথম পর্বে মালয়েশিয়ায় দ্বিপক্ষীয় বৈঠক ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর গত সোমবার রাতে তিনি চীনের দালিয়ানে পৌঁছান।

 

চীনে অবস্থানকালে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম) গ্রীষ্মকালীন অধিবেশনে অংশ নেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

 

পরে দালিয়ান থেকে উচ্চগতির ট্রেনে বেইজিংয়ে গিয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেন। সফরের শেষ দিনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হন। এছাড়া চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

 

সফরকালে বেইজিংয়ে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত একটি মেগা বিনিয়োগ সম্মেলনেও অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।