কর্ণফুলীতে মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসরকে গাউসিয়া কমিটির বর্ণাঢ্য র্যালি
পবিত্র মাহে রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে প্রতিবছরের ন্যায় এবারও চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী থানা আহ্বায়ক কমিটির ব্যবস্থাপনায় বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৪টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ বাজার এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে গাউসিয়া কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
এর আগে মইজ্জ্যারটেক চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী থানা শাখার আহ্বায়ক মো. এয়াকুব আলী কাদেরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব নুর মোহাম্মদ কাদেরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কেবিনেট সদস্য পেয়ার মুহাম্মদ কমিশনার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাবেক যুগ্ম মহাসচিব আলহাজ্ব মাহবুবুল হক খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে পেয়ার মুহাম্মদ কমিশনার বলেন, মাহে রবিউল আউয়াল আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বরকতময় মাস। এ মাসেই বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন হয়েছে। মহানবীর আদর্শ, শিক্ষা, মানবতা, শান্তি ও ভ্রাতৃত্বের বাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমাদের প্রতিটি কর্মসূচি যেন সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়, সেদিকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
প্রধান বক্তা আলহাজ্ব মাহবুবুল হক খাঁন বলেন, রবিউল আউয়াল শুধু একটি মাস নয়, মুসলিম উম্মাহর জন্য এটি আনন্দ, ভালোবাসা ও আত্মশুদ্ধির মাস। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। তাঁর শিক্ষা মানুষের মধ্যে শান্তি, সাম্য, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার পথ দেখায়। তাই ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের পাশাপাশি নবীর আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে।
পথসভায় বক্তারা পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের তাৎপর্য ও ফজিলত তুলে ধরেন। একই সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সুষ্ঠু, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের জন্য সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি কর্ণফুলী থানার আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ ইলিয়াস মুন্সি, জি এম মুহাম্মদ কবির, হাজী ফজল, নজরুল ইসলাম, মুহাম্মদ আব্দুল আলিম, মুহাম্মদ লোকমান, জানে আলম, মুহাম্মদ ফারুক, ইয়াছিন আরাফাত, মাওলানা হাসান রেজভী, মাওলানা এম এ মাবুদ, মাওলানা সাদ্দাম রেজা চিশতি ও মাওলানা আবু সাদেক কাদেরী।
এ ছাড়া কর্মসূচিতে কর্ণফুলী থানার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আব্দুল হাই, মনজুর আলম, মুহাম্মদ ইউনুস, মাওলানা মিজানুল হক কাশেম, জানে আলম, আরাফাত হোসেন, বশিরুজ্জামান মিজু, মাস্টার তৈয়ব হোসেন, নজরুল ইসলাম, জামাল উদ্দীন ও সালাহ উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধর্মীয় স্লোগান ও নবীপ্রেমের নানা বাণী সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করেন। পরে কলেজ বাজার এলাকায় গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।