দক্ষিণ পূর্ব

মিছিলের চেয়ে ‘দৌড় প্র্যাকটিস’ বেশি: মেয়র শাহাদাত

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৩ জুন ২০২৬
পঠিত :
মিছিলের চেয়ে ‘দৌড় প্র্যাকটিস’ বেশি: মেয়র শাহাদাত

ছবি

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে চট্টগ্রাম নগরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

মঙ্গলবার সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

মেয়র শাহাদাত হোসেন বলেন, বর্তমানে যারা মিছিল করার চেষ্টা করছে, তারা চরম ভয়ের মধ্যে রয়েছে। তাদের কর্মকাণ্ডকে মিছিল না বলে ‘দৌড় প্র্যাকটিস’ বলাই বেশি উপযুক্ত। এভাবে নগরীর স্বাভাবিক পরিবেশ নষ্ট করা কারও উচিত নয়। এখন নগরবাসী শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছে।

 

তিনি বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে দেশে নেই। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে কোনো ধরনের ঝুঁকির মধ্যে ফেলা সমীচীন নয়।

 

শহরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে মেয়র বলেন, সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে কোথাও কোনো রাজনৈতিক মিছিল বা বড় ধরনের জমায়েত চোখে পড়েনি। প্রতিদিনের মতো নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করতে বের হয়ে তিনি পুরো নগরী পরিদর্শন করেন।

 

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে যথেষ্ট সতর্ক ও সক্রিয় রয়েছেন। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের অবস্থান লক্ষ্য করা গেছে।

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, কাউকে গ্রেপ্তারের আগে তার পরিচয় ও সংশ্লিষ্টতা যথাযথভাবে যাচাই করা উচিত। সুনির্দিষ্ট কারণ ছাড়া কাউকে আটক বা হয়রানি করা উচিত নয়। চট্টগ্রামের প্রতিটি নাগরিক যাতে নিরাপদ ও স্বস্তিকর পরিবেশে বসবাস করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

 

আর এইচ/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।