নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। চট্টগ্রামের মিরসরাইয়ে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (১৯) এবং একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (১৯)।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাতে বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কেনেন শুভ ও ওমর। ঘনিষ্ঠ দুই বন্ধু মোটরসাইকেলটি নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। পড়াশোনার পাশাপাশি তারা আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরি করতেন।
রাত সাড়ে ১০টার দিকে তারা বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান শুভ। গুরুতর আহত ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন বলেন, শুভ ও ওমর ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। নতুন মোটরসাইকেল কিনতে শুক্রবার তারা একসঙ্গে বারৈয়ারহাটে গিয়েছিলেন। মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়।
দুই তরুণের মৃত্যুর খবরে মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া ও ফকিরপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার, স্বজন ও বন্ধুদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অপরজনের বিষয়ে তখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলসহ সংশ্লিষ্ট এলাকায় পুলিশের সদস্য পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি হলে দুর্ঘটনার বিস্তারিত জানা যাবে।
আরএইচ