নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ঘটে গেল হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক মাদরাসা শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়। আহত হন অন্তত পাঁচজন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় জাহেদিয়া মাদরাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির ট্রাকটি প্রথমে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনায় নিহত খাদিজা মাশমুম বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী। এছাড়া দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন- নিহত খাদিজার বোন জাহেদিয়া মাদরাসার নবম শ্রেণির ছাত্রী তোফিয়া তাবাসসুম (১৩) ও সপ্তম শ্রেণির উম্মে হাবিবা (১১) এবং পথচারী আবুল খায়েরসহ (৪০) ও অজ্ঞাত দুই ব্যক্তি। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। খবর পেয়ে ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেন।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, “ঘটনাস্থলে এসে দেখি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দুইজন নিহত হয়েছেন এবং তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ কাজ করছে।”
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।