চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই সঙ্গে রড বহনকারী চুরি যাওয়া ট্রাকটিও খালি অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে জোরারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রিয়াদ হোসেন, গোপালগঞ্জের কাশিয়ানী থানার হাফিজ মোল্লার ছেলে ট্রাকের সহকারী হাদিছ মোল্লা এবং নওগাঁর মোহাম্মদপুর থানার মৃত কাঞ্চন শেখের ছেলে আবুল বাশার ওরফে বাঁশি।
পুলিশ জানায়, গত ১৪ আগস্ট বিকেল ৩টার দিকে জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম কম্পানি থেকে বিভিন্ন আকারের ১৩ টন লোহার রড একটি ট্রাকে করে সুনামগঞ্জে পাঠানো হচ্ছিল।
পথে ট্রাকবোঝাই রড চুরি হয়ে যায়। পরে চুরি যাওয়া রড উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে জোরারগঞ্জ থানা-পুলিশ।
পুলিশ আরো জানায়, তথ্যপ্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় নওগাঁ জেলার মোহাম্মদপুর বাজারের ‘আয়ান এন্টারপ্রাইজ’ নামের একটি দোকান থেকে চুরি যাওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করা হয়।
পরে ফরিদপুরের মধুখালী থানা এলাকায় অভিযান চালিয়ে রড বহনকারী ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। চুরির সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না এবং বাকি রডের বিষয়ে তথ্য জানতে তদন্ত চলছে। উদ্ধার করা রড ও ট্রাক পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রিয়াদ হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হাদিছ মোল্লা ও আবুল বাশারকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।