বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীর করলডেঙ্গা সন্ন্যাসী পাহাড়ের চূড়ায় অবস্থিত মেধস মুনির আশ্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পূজার প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনায় তাঁরা আশ্রমটি পরিদর্শন করেন। পরে জ্যৈষ্ঠপুরার বীণাপানি পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা।
হিন্দু পুরাণ ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মেধস মুনির আশ্রমকে পৃথিবীর প্রথম দুর্গাপূজার স্থান হিসেবে বিবেচনা করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নতুন সরকার গঠনের পর এটি প্রথম শারদীয় দুর্গোৎসব। উৎসবকে সর্বজনীন ও আনন্দমুখর করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের চিত্র তুলে ধরতে চায় সরকার। এবার দেশে দেড় হাজারের বেশি এবং চট্টগ্রামে প্রায় ৪০০টি নতুন সর্বজনীন দুর্গামণ্ডপ যুক্ত হয়েছে।
তিনি জানান, পূজায় আনসার বাহিনীর প্রায় সাড়ে ১২ হাজার ও পাঁচ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম বলেন, শুক্রবার থেকে পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা কার্যকর হবে। মোবাইল পেট্রোলিং, সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি, ট্রাফিক ব্যবস্থাপনা ও বিট পুলিশিং চলবে। গুজব, অপপ্রচার ও নাশকতা ঠেকাতে পুলিশ সতর্ক রয়েছে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি, স্বেচ্ছাসেবী সক্রিয় রাখা এবং সূর্যাস্তের আগে প্রতিমা বিসর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মো. সাইদুজ্জামান, ইউএনও মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, ওসি মো. মোজাফফর হোসেন ও আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ দীপানন্দ ব্রহ্মচারী মহারাজসহ অনেকে উপস্থিত ছিলেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।