দক্ষিণ পূর্ব

মেসির পায়ে নকআউট নিশ্চিত, অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৩ জুন ২০২৬
পঠিত :
মেসির পায়ে নকআউট নিশ্চিত, অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা

ছবি

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সোমবার (২২ জুন) যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দলের দুই গোলই করেছেন অধিনায়ক লিওনেল মেসি।

 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আলবিসেলেস্তেরা। বক্সের ভেতরে লাওতারো মার্তিনেজ ফাউলের শিকার হলে ভিএআর পর্যালোচনা শেষে পেনাল্টির বাঁশি দেন রেফারি। তবে স্পট কিক থেকে লক্ষ্যভ্রষ্ট হন মেসি। ফলে শুরুতেই লিড নেওয়ার সুযোগ হাতছাড়া হয় আর্জেন্টিনার।

 

এরপরও একের পর এক আক্রমণে অস্ট্রিয়ার রক্ষণভাগকে চাপে রাখে লিওনেল স্কালোনির শিষ্যরা। ৩৩তম মিনিটে প্রায় গোল পেয়ে গিয়েছিলেন মেসি। প্রতিপক্ষের ভুলে পাওয়া বল থেকে তার নেওয়া শট গোললাইন থেকে ক্লিয়ার করেন অস্ট্রিয়ার অধিনায়ক ডেভিড আলাবা।

 

তবে ৩৭তম মিনিটে আর ভুল করেননি আর্জেন্টাইন অধিনায়ক। চমৎকার দলীয় আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা বাড়িয়ে ১৭-তে উন্নীত করেন মেসি।

 

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার দখলে। দ্বিতীয়ার্ধে কয়েকটি পরিবর্তন এনে আক্রমণের গতি বাড়ান কোচ লিওনেল স্কালোনি। শেষদিকে অস্ট্রিয়া সমতায় ফেরার চেষ্টা করলেও আর্জেন্টিনার রক্ষণভাগ ছিল দৃঢ়।

 

ইনজুরি সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। হুলিয়ান আলভারেজের শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে এলে তা থেকে গোল করে ব্যবধান ২-০ করেন তিনি। এতে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৮।

 

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা। গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ জর্ডানের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন।

 

আরএইচ/দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।