দক্ষিণ পূর্ব

মেয়রের মধ্যস্থতায় ৪৮ ঘণ্টার গাড়ি বন্ধ কর্মসূচি স্থগিত করল প্রাইম মুভার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২০ জুলাই ২০২৬
পঠিত :
মেয়রের মধ্যস্থতায় ৪৮ ঘণ্টার গাড়ি বন্ধ কর্মসূচি স্থগিত করল প্রাইম মুভার

ছবি সংগৃহীত

 চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের মধ্যস্থতায় ৪৮ ঘণ্টার গাড়ি বন্ধ কর্মসূচি স্থগিত করেছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন।

 

সোমবার টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের কার্যালয়ে মেয়রের সঙ্গে সংগঠনের নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময় হয়েছে। সংগঠনের দাবিগুলো সরকার ইতোমধ্যে অবগত রয়েছে এবং সেগুলো বিবেচনা করা হবে। তিনি আন্দোলনের পরিবর্তে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান।

 

মেয়র বলেন, "বন্দরের সঙ্গে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের স্বার্থ জড়িত। অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। আপনাদের দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তাই গাড়ি বন্ধ রাখার কর্মসূচি থেকে সরে আসুন।"

 

মেয়রের আহ্বানে সাড়া দিয়ে বৈঠক শেষে সংগঠনের সভাপতি মো. আবু ছালেহ জুয়েল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন অনির্দিষ্টকালের জন্য ৪৮ ঘণ্টার গাড়ি বন্ধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

 

এর আগে সংগঠনটি সড়ক-মহাসড়কে পণ্য পরিবহন খাতের গুরুত্বপূর্ণ যানবাহন—প্রাইম মুভার ট্রেইলার, ফ্ল্যাটবেড, লো-বেড, সেমি লো-বেড, ক্রেন ও হেভি ইকুইপমেন্টের ওপর অগ্রিম আয়কর ৫০ হাজার টাকা বৃদ্ধি এবং দীর্ঘদিনেও ১১ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় মঙ্গলবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার লকআউট কর্মসূচি ঘোষণা করেছিল।

 

সংগঠনের ১১ দফা দাবির মধ্যে রয়েছে—সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন, প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড গাড়ির জন্য ওজন ও দূরত্বভিত্তিক সরকারি ভাড়ানীতিমালা প্রণয়ন, বিদ্যমান রেজিস্ট্রেশন জটিলতা নিরসন, মামলা ও হয়রানি বন্ধ, ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ বিভিন্ন কর ও ফি একীভূত করা, ভাড়ায় চালিত গাড়ির অগ্রিম আয়কর ১০ হাজার টাকায় নামিয়ে আনা, চালকদের এককালীন পেশাদারি ভারী লাইসেন্স প্রদান, স্কেল লোড একই নীতিমালার আওতায় আনা, চট্টগ্রাম বন্দরে প্রাইম মুভার ট্রেইলারের জন্য টার্মিনাল ও পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা, পণ্য পরিবহন খাতের জন্য পৃথক শ্রমনীতি প্রণয়ন এবং সারা দেশে পণ্যবাহী যানবাহন ও চালক-হেলপারদের নিরাপত্তা নিশ্চিত করা।

 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর আবুল হাশেম, মহানগর বিএনপির সাবেক স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক হাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হাসান, বিএনপি নেতা মোহাম্মদ হারুনসহ প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা।

 

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।