দক্ষিণ পূর্ব

'রবি–দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময়

sathi
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫
পঠিত :
'রবি–দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময়

দক্ষিণপূর্ব ডেস্ক 
 আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ বিতর্ক আয়োজন ‘রবি–দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা ২০২৫’। এ উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকদের নিয়ে আয়োজন করা হয় ‘মিট দ্য টিচার্স’ শীর্ষক মতবিনিময় সভা। মঙ্গলবার (২৮ অক্টোবর) নগরের জিইসি এলাকায় একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করে দৃষ্টি চট্টগ্রাম।

দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম, চট্টগ্রাম মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য বৃজেট ডায়েস এবং দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সংগঠক মাসুদ বকুল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সহসভাপতি শহিদুল ইসলাম ও সাবের শাহ, সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার এবং সাংবাদিক মুজিবুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

আবু তালেব বেলাল বলেন, শিক্ষার্থীদের মনোবল তৈরিতে বিতর্ক অন্যতম ভূমিকা রাখে। বিতর্ক শিক্ষার্থীদের যুক্তির মাধ্যমে যেকোনো কিছু বিচার করতে শেখায়। এটি শিক্ষার্থীদের সাহসী ও মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। বিতর্ক কেবল বক্তৃতার দক্ষতা বাড়ায় না, এটি চিন্তা, বিশ্লেষণ ও সত্য অনুসন্ধানের মানসিকতা গড়ে তোলে—যা একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় সম্পদ।

মাসুদ বকুল দৃষ্টির কার্যক্রমের একটি রূপরেখা তুলে ধরে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে দৃষ্টি তার সৃজনশীলতার ধারা অব্যাহত রাখার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমরা মনে করি, চট্টগ্রামের সবচেয়ে প্রাচীন এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে যুক্তিবাদী সমাজ গঠনের পথে আমরা নতুন করে পদক্ষেপ নিলাম।

মিনহাজুল ইসলাম বলেন, আমরা গণমাধ্যমের কর্মীরা নিজেরা কথা বলার চেয়ে মানুষের মুখ থেকে সত্যটি শুনতে বেশি আগ্রহী। কারণ, সত্যের কাছাকাছি পৌঁছানোর মূল চাবিকাঠি হলো মনোযোগ দিয়ে শোনা। বিতর্ক সেই সুযোগটি তৈরি করে—এটি শেখায় যুক্তি, শৃঙ্খলা ও ভিন্নমতকে সম্মান জানিয়ে মত প্রকাশের কলা। একজন ভালো বিতার্কিক যেমন প্রতিপক্ষের যুক্তি শুনে নিজের বক্তব্যকে সমৃদ্ধ করে, তেমনি একজন দায়িত্বশীল গণমাধ্যমের কর্মীও মানুষের কণ্ঠ শুনে বাস্তবতা তুলে ধরেন।

দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরী বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের মানসিকতার বিকাশে মানবিক নাগরিক তৈরিতে কাজ করি। মানবিক মানুষ তৈরিতে বিতর্ক বড় ভূমিকা পালন করে। দৃষ্টি চট্টগ্রাম নির্দিষ্ট কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কাজ করে না; বরং স্কুল–কলেজ থেকে বিতার্কিকদের তুলে আনে। এবারের বিতর্ক প্রতিযোগিতা সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন স্কুল ও কলেজের ৩০ জন শিক্ষক অংশ নেন।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।