কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, পবিত্র রমজানকে মুনাফা লাভের মাসে পরিণত না করে মানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে। দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সে বিষয়ে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় নগরীর জিইসি মোড়ে খুলশী থানা যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে পথচারীদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোশাররফ হোসেন দীপ্তি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও পবিত্র রমজানকে মুনাফা লাভের মাসে পরিণত না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য—রমজানের মতো পবিত্র মাসে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলে। ইসলাম খাদ্য মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, খুলশী থানা যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল হোসেন হেলাল, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মল্লিক, ইউনুছ মুন্না, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক বাদশা আলমগীর, ১৪নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, খুলশী থানা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ সোহাগসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।