দক্ষিণ পূর্ব

রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলায় আইয়ুব গ্রেপ্তার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২১ জুন ২০২৬
পঠিত :
রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলায় আইয়ুব গ্রেপ্তার

ছবি

চট্টগ্রামের রাউজান উপজেলার যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মো. আইয়ুবকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭।

 

রোববার (২১ জুন) ভোরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দূরছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাউজানের কদলপুর এলাকার বাসিন্দা আইয়ুব দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল ভোর ৬টার দিকে দূরছড়ি এলাকায় তার ভগ্নিপতি শাহ আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

 

অভিযান শেষে তাকে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

 

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গত ১৩ জুন রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় প্রকাশ্যে গুলিতে নিহত হন যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ। আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অস্ত্রধারীদের নেপথ্যের পরিকল্পনাকারীদের একজন হিসেবে আইয়ুবের নাম তদন্তে উঠে আসে। এরপর থেকেই তাকে গ্রেপ্তারে তৎপরতা চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী।

 

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে র‌্যাব-৭ এর সেকেন্ড-ইন-কমান্ড মেজর জালিস মাহমুদ খানও আইয়ুবকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

 

উল্লেখ্য, গত ১৩ জুন দুপুর দেড়টার দিকে পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে একটি ওষুধের দোকানের সামনে অবস্থান করছিলেন মাসুদ। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশায় করে পাঁচজন অস্ত্রধারী সেখানে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারীদের দুজনের হাতে শর্টগান এবং তিনজনের হাতে পিস্তল ছিল। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন মাসুদ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

আর এইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।