দক্ষিণ পূর্ব

রাঙ্গুনিয়ায় আবারও খুন

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬
পঠিত : ২৪
রাঙ্গুনিয়ায় আবারও খুন

বামে নিহত আব্দুল মান্নান ও ডানে অভিযুক্ত মোজাম্মেল

এশার নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়েছিলেন আব্দুল মান্নান (৬২)। তবে মসজিদের পথে অন্ধকারে ওত পেতে থাকা হামলাকারীর ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল তাঁর। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পূর্ববিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মোজাম্মেল (৪৫) নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয়দের ভাষ্য, বিয়েশাদির একটি বিষয়কে কেন্দ্র করে আব্দুল মান্নানের এক চাচাতো ভাইয়ের সঙ্গে মোজাম্মেলের বিরোধ চলছিল। মঙ্গলবার বিষয়টি নিয়ে স্থানীয় বাজারে মোজাম্মেল হুমকি দিলে এর প্রতিবাদ করেন আব্দুল মান্নান। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতিও হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন এবং বিষয়টি মীমাংসা করে দেন।

অভিযোগ রয়েছে, বাজারের ওই ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে পরে আব্দুল মান্নানের ওপর হামলা চালান মোজাম্মেল। রাতে এশার নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে অন্ধকার একটি স্থানে পৌঁছালে পেছন থেকে তার ওপর হামলা করা হয়। ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপানো হলে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাউজানের পাহাড়তলী এলাকার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ বর্তমানে চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত মোজাম্মেলের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের ছেলে মো. মুন্নাসহ পরিবারের সদস্যরা।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।