নিজস্ব প্রতিবেদক
রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাশেদুল ইসলাম (২৪) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশার ৪ যাত্রী আহত হন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাঙ্গুনিয়া-রাঙামাটি সড়কের রানীরহাট ঠান্ডাছড়ি গরুঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দুই যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে, অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনায় আহত রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্র জাকির হোসেন জানান, চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড় থেকে সকাল সাড়ে ৮টায় সিএনজি অটোরিকশা নিয়ে রাঙামাটির উদ্দেশ্যে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হই। রানীরহাট ঠান্ডাছড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। রাশেদুল ঘটনাস্থলেই নিহত হয়। অপর দুই বন্ধু আনছারুল করিম ও নাইমুল ইসলামকে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাদের রাঙামাটি সদর হাসপাতালে পাঠান।
রাশেদুলের বাড়ি কক্সবাজারের টেকনাফ দক্ষিণ হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দমদমিয়া সিআইডি চেকপোস্টের কাছে। পরিবারের সবার ছোট রাশেদ রাঙামাটি সরকারি কলেজে বিএ (অনার্স) ৩য় বর্ষের পরীক্ষা দিতে চট্টগ্রাম থেকে রাঙামাটি কলেজে যাচ্ছিল।
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।