রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ৭ জুন দিন নির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করা হয়।
আদালত সূত্র জানায়, মামলার প্রধান আসামি সোহেল রানাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর আসামি স্বপ্না আক্তারও চিকিৎসাধীন অবস্থা থেকে আদালতে উপস্থিত হন। শুনানি শেষে আদালত রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর অভিযুক্ত সোহেল রানা পালিয়ে গেলেও পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়েছিল।
এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মামলার বিচারিক কার্যক্রমে শিশুটির মা-বাবাসহ ১০ জন সাক্ষ্য প্রদান করেন। তদন্ত চলাকালে সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছে পুলিশ। তবে পরবর্তী শুনানিতে তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে অন্য একজনের সম্পৃক্ততার দাবি করেন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, অভিযুক্তের উত্থাপিত ওই ব্যক্তির বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই এবং তদন্ত প্রতিবেদনেও এমন কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।