দক্ষিণ পূর্ব

রাষ্ট্রপতির শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬
পঠিত : ১২
রাষ্ট্রপতির শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন

ছবি

নতুন রাষ্ট্রপতির অভিষেক এবং মন্ত্রিসভায় নতুন সদস্যদের অন্তর্ভুক্তি—একসঙ্গে দুটি শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তাঁর হাতেই শপথ নেবেন মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া চার নতুন সদস্য।

 

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শপথ পড়াবেন।

 

বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে উপস্থিত হবেন। এরপর সেখানে যাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

সবাই বঙ্গভবনের দরবার হলে প্রবেশের পর শুরু হবে আনুষ্ঠানিকতা। জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল রাষ্ট্রপতির শপথ পাঠ করাবেন।

 

শপথ শেষে রাষ্ট্রপতি শপথ বইয়ে স্বাক্ষর করবেন। বঙ্গভবনের প্রচলিত আনুষ্ঠানিকতা অনুযায়ী, স্বাক্ষর শেষ হওয়ার পরই তিনি রাষ্ট্রপতির নির্ধারিত আসনে বসবেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

রাষ্ট্রপতির শপথের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দ্বিতীয় পর্বে শুরু হবে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে শপথ পড়াবেন।

 

নতুন চার সদস্যের মধ্যে তিনজন পূর্ণমন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী রয়েছেন। তাঁদের বঙ্গভবনে আনার জন্য যানবাহনের ব্যবস্থাও করা হয়েছে।

 

শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রায় দেড় হাজার আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে।

 

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে বঙ্গভবনে ব্যস্ততা চলছে।

 

শপথের আনুষ্ঠানিকতা শেষে আবার জাতীয় সংগীত পরিবেশন করা হবে। এরপর আমন্ত্রিত অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে।

 

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যদের ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

 

তাঁর প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

 

এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল।

 

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন তৎকালীন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁর স্পিকারের পদে দায়িত্ব পালন শুরু করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

 

আজকের শপথের মধ্য দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে চলে যাবে। একই অনুষ্ঠানে নতুন চার মন্ত্রীর শপথের মধ্য দিয়ে মন্ত্রিসভাতেও আসবে পরিবর্তন।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।