দক্ষিণ পূর্ব

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন

দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬
পঠিত :
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন খুব শিগগির পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন উঠেছে। সরকারি একটি দায়িত্বশীল সূত্রের বরাতে তথ্যটি জানিয়েছে।


বৃহস্পতিবার (২৩ জুলাই) সংশ্লিষ্ট সূত্রটি জানায়, নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়ে সরকার ও ক্ষমতাসীন বিএনপির উচ্চপর্যায়ে আলোচনা চলছে। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হতে বিলম্ব হলে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন বলেও সূত্রটি দাবি করেছে। তবে এ বিষয়ে সরকারিভাবে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।


মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী, তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের এপ্রিলে।


২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরপর সংসদ বিলুপ্ত, অন্তর্বর্তী সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাহাবুদ্দিন।


গণঅভ্যুত্থানের পর থেকেই আন্দোলনকারী ছাত্রনেতারা রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন। এ দাবিতে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচিও পালন করে জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট সংগঠনগুলো। তবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে অপসারণে কোনো উদ্যোগ নেয়নি।


২০২৫ সালের ১২ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের সময় মো. সাহাবুদ্দিন বলেছিলেন, জাতীয় নির্বাচনের পর মেয়াদের মাঝামাঝি সময়ে তিনি পদত্যাগ করতে চান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অপমানিত বোধ করেছেন।


পরে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার চাইলে তিনি দায়িত্বে বহাল থাকবেন, অন্যথায় স্বেচ্ছায় পদত্যাগ করবেন।


সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।


যদিও বিএনপি সরকার গঠনের পর রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়ে প্রকাশ্যে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, তবু রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব আসবে এবং সরকার প্রথমবারের মতো নিজেদের মনোনীত একজনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের সুযোগ পাবে। ফলে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ বাড়ছে।
 

এসআই/দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।