বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে আমি দল, সংসদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে এসেছি। আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ। দলনিরপেক্ষভাবেই আমি আমার দায়িত্ব পালন করে যাব।’
তিনি বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের ক্ষেত্রে কারও প্রতি রাগ বা অনুরাগ থাকবে না। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে তাঁর একমাত্র লক্ষ্য। যেকোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জনের পাশাপাশি সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন তিনি।
বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য থাকতে হবে। নিজ নিজ দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।
বঙ্গভবনের ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, বঙ্গভবন রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। তাই এর মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তসংক্রান্ত বিষয়গুলো কঠোর গোপনীয়তা বজায় রেখে পরিচালনা করতে হবে। রাষ্ট্রীয় নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি অপচয় রোধের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর ভাষ্য, জনগণের অর্থেই সরকারি সম্পদ ও সুযোগ-সুবিধা পরিচালিত হয়। তাই এসব সম্পদের সঠিক, স্বচ্ছ, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।
কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিজীবনে শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি নৈতিক মনোবল ও সুন্দর চরিত্র গঠনে সচেষ্ট হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তিনি। একই সঙ্গে স্বাধীনতার পর দেশ ও রাষ্ট্রগঠনে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদানের কথাও স্মরণ করেন। এ ছাড়া পূর্ববর্তী সব রাষ্ট্রপতির প্রতিও শ্রদ্ধা জানান তিনি।
বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এখানে একটা পরিবার। সবাই একই জায়গায় কাজ করি। আমরা যখন সুযোগ পাব, তখন পরস্পরের সঙ্গে কথা বলে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব।’
ভবিষ্যতেও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
সূত্র: বাসস
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।