দক্ষিণ পূর্ব

রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আনন্দ মিছিল

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬
পঠিত : ৫৩
রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আনন্দ মিছিল

ছবি সংগৃহীত

মোহাম্মদ রিয়াদ হোসেন:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।

 শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য স্বাগত মিছিল বের করে জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া ও সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীনের নেতৃত্বে মিছিলে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা রুহুল কবির রিজভী আহমদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় অভিনন্দন জানান। একই সঙ্গে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন তারা।

এর আগে কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, ‘রুহুল কবির রিজভী বিএনপির দুঃসময়ের নেতা। দলের কঠিন সময়ে তিনি কখনো পিছু হটেননি। দীর্ঘ রাজনৈতিক পথচলায় মামলা, হামলা ও কারাবরণের শিকার হয়েও তিনি দল ও নেতা-কর্মীদের পাশে থেকেছেন। তাঁর মতো পরীক্ষিত নেতাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় তারেক রহমানকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন বলেন, রিজভী আহমদ বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অগ্রসৈনিক। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দলীয় নেতা-কর্মীদের পাশে থেকে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। তাঁর ত্যাগ, সাহস, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বিএনপির বড় শক্তি।

তিনি আরও বলেন, রিজভী আহমদের মতো পরীক্ষিত ও ত্যাগী নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাঁর নেতৃত্বে বিএনপি আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আসহাব উদ্দিন চৌধুরী, মুজিবুর রহমান, রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু, সদস্য আমিনুর রহমান চৌধুরী, মাস্টার মোহাম্মদ লোকমান, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, হাজি মো. রফিকুল আলম, মাস্টার মোহাম্মদ রফিক, সাজ্জাদুর রহমান, সরওয়ার হোসেন মাসুদ, জাহাঙ্গীর কবির, জাগির আহমদ, মোজাম্মেল হক বেলাল ও জসিম উদ্দিনসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ ছাড়া কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুণ, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিন এবং কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন সুমনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে রুহুল কবির রিজভী আহমদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতা-কর্মীরা।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।