দক্ষিণ পূর্ব

রোগীর জীবন রক্ষায় চমেকের পাশে কেএসআরএম, হস্তান্তর ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৭ জুন ২০২৬
পঠিত :
রোগীর জীবন রক্ষায় চমেকের পাশে কেএসআরএম, হস্তান্তর ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম

ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও সংকটাপন্ন রোগীদের জীবন রক্ষায় প্রায় দুই কোটি টাকা মূল্যের অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারী শিল্পগ্রুপ কেএসআরএম।

 

শনিবার (২৭ জুন) চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ এবং চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের কাছে এসব চিকিৎসা সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

 

হস্তান্তরকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে চারটি হিমোডায়ালাইসিস মেশিন, চারটি রিয়েল-টাইম ৪ডি আল্ট্রাসাউন্ড মেশিন এবং জিই ব্র্যান্ডের একটি অত্যাধুনিক কালার ডপলার সিস্টেম। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এসব উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি রোগ নির্ণয় ও চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ বলেন, ২ হাজার ২০০ শয্যার চমেক হাসপাতালের জন্য বরাদ্দকৃত বাজেট প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে অনেক রোগী চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। কেএসআরএমের এ ধরনের সহযোগিতা রোগীদের জন্য বড় সহায়ক হবে। তিনি অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানকেও জনকল্যাণমূলক এমন উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

 

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, সংকটময় সময়ে কেএসআরএম সবসময় হাসপাতালের পাশে দাঁড়িয়েছে। মানবিক সহায়তায় প্রতিষ্ঠানটির ভূমিকা প্রশংসনীয়। নতুন চিকিৎসা সরঞ্জামগুলো জরুরি মুহূর্তে সংকটাপন্ন রোগীদের জীবন রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়তা করবে।

 

কেএসআরএমের পরিচালক (বিক্রয় ও বিপণন) জসিম উদ্দিন বলেন, চমেক হাসপাতালের মানবিক উদ্যোগের অংশীদার হতে পেরে কেএসআরএম পরিবার গর্বিত। মানুষের কল্যাণে কাজ করাই প্রতিষ্ঠানটির অন্যতম অঙ্গীকার এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

 

এ সময় কেএসআরএমের পরিচালক জসিম উদ্দিন, উপপরিচালক ডা. ইলিয়াছ চৌধুরী, সহকারী পরিচালক ডা. কাজী সাইফুল আলম, ডা. দেব প্রসাদ চক্রবর্তী, ডা. রুমা ভট্টাচার্য, উপমহাব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান, মোস্তফা আনোয়ার, মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, ব্যবস্থাপক তাজ উদ্দিন, করপোরেট চিকিৎসক ডা. মেজবাহ উদ্দিন, চমেকের ডা. জুনায়েদ আহমেদ, ব্র্যান্ড সমন্বয়ক মনিরুজ্জামান রিয়াদ, মিজান উল হক, মিথুন বড়ুয়া, মিজানুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।