দক্ষিণ পূর্ব

লংমার্চ : লালদিঘী ময়দান পরিদর্শন ১১ দলীয় ঐক্যের নেতাদের

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
পঠিত : ১৯
লংমার্চ : লালদিঘী ময়দান পরিদর্শন ১১ দলীয় ঐক্যের নেতাদের

ছবি

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। লংমার্চ শেষে চট্টগ্রামের লালদিঘী ময়দানে সমাবেশ করার কথা রয়েছে।

সমাবেশের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখতে বুধবার লালদিঘী ময়দান পরিদর্শন করেছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহানের নেতৃত্বে তারা ময়দান পরিদর্শন করেন।

এ সময় সমাবেশের মঞ্চ, প্রবেশপথ, জনসমাগমের স্থান, নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন নেতারা।

পরিদর্শন শেষে মুহাম্মদ শাহজাহান বলেন, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী ময়দানের সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জনগণের ন্যায্য দাবির পক্ষে আয়োজিত এ কর্মসূচিতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, দীর্ঘদিনের জনদুর্ভোগ ও সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। জনগণের দাবি উপেক্ষা করে কোনো রাষ্ট্রব্যবস্থা টেকসই হতে পারে না। জুলাই গণহত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনজীবনের সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার বিকল্প নেই।

বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকটে সাধারণ মানুষ ও কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দুর্ভোগে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত করা জরুরি। সংকীর্ণ দলীয়করণ বন্ধ করে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন, ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও সমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরিদর্শনকালে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভূঁইয়া, আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগর সভাপতি এমদাদুল্লাহ সোহাইল, এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইবসহ ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, লংমার্চ ও লালদিঘী ময়দানের সমাবেশ নিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম নগর জামায়াতের কার্যালয় বিআইএ মিলনায়তনে সংবাদ সম্মেলন করবে ১১ দলীয় ঐক্য চট্টগ্রাম। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।