দক্ষিণ পূর্ব

লোহাগাড়ায় মেসিকে নিয়ে ব্যানার ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৯ জুন ২০২৬
পঠিত :
লোহাগাড়ায় মেসিকে নিয়ে ব্যানার ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি সংবলিত একটি ব্যানারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন।

 

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন— আবুল কাশেম, মো. তৌহিদ, মো. জিসান ও বশির উদ্দিন। আহতদের প্রত্যেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকেরা নিজ নিজ দলের পতাকা ও ব্যানার টানান। এর মধ্যে ব্রাজিল সমর্থকদের একটি ব্যানারে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি ব্যবহার করা হয়। বিষয়টি নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা ব্যানারটি অপসারণের দাবি জানান।

 

তবে ব্রাজিল সমর্থকেরা ব্যানারটি সরাতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। অভিযোগ রয়েছে, রোববার দিবাগত রাতে আর্জেন্টিনা সমর্থকেরা ব্যানারটি খুলে ফেলেন। এর জের ধরে সোমবার দুপুরে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে রাতে একটি সালিস বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত থেকে বিরোধ মীমাংসায় সম্মত হন।

 

সালিস বৈঠকে উপস্থিত লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ টি এম জাহেদ চৌধুরী বলেন, “মেসির আপত্তিকর ছবি সংবলিত ব্যানারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের নিয়ে বসে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা হয়েছে। বিশ্বকাপের আনন্দ যেন কোনোভাবেই সামাজিক সম্প্রীতি নষ্ট না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।”

 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ জানান, ব্যানারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির খবর পুলিশ পেয়েছে। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। স্থানীয় মুরব্বিদের মধ্যস্থতায় বিষয়টির নিষ্পত্তি হওয়ায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।