দক্ষিণ পূর্ব

শঙ্কা কাটিয়ে সরাসরি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

মনির ফয়সাল
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬
পঠিত :
শঙ্কা কাটিয়ে সরাসরি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

নিরাপত্তা শঙ্কার কারণে চলতি আসরে ভারতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ দল। ভেন্যু পরিবর্তনের আবেদন জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই প্রস্তাবে সাড়া দেয়নি। পরবর্তীতে বাংলাদেশ না যাওয়ায় তাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি। এই সিদ্ধান্তের পর থেকেই প্রশ্ন উঠে, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে কি না! অবশেষে সেই সংশয় কাটিয়ে সুখবর দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

 

আইসিসির সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। এ আসরটি যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। র‌্যাংকিংয়ের ভিত্তিতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

 

এদিকে কলম্বোয় নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানের জয়ের মধ্য দিয়ে চলতি বিশ্বকাপের সুপার এইট পর্বের লাইনআপ চূড়ান্ত হয়েছে। সুপার এইটে জায়গা করে নিয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও পাকিস্তান

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই নীতিমালা অনুযায়ী, সুপার এইটে ওঠা দলগুলো পরবর্তী আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে। আয়োজক হিসেবে নিউজিল্যান্ডের জায়গা আগে থেকেই নিশ্চিত ছিল। যদিও অস্ট্রেলিয়া এবার সুপার এইটে উঠতে পারেনি, তবুও স্বাগতিক দেশ হিসেবে তাদের অংশগ্রহণ নিশ্চিত।

 

আইসিসি জানিয়েছে, ২০ দলের বিশ্বকাপে বাছাইপর্ব থেকে আসবে ৮টি দল। বাকি ১২টির মধ্যে ৯টি দল চূড়ান্ত হয়েছে চলতি আসরের পারফরম্যান্স ও স্বাগতিক কোটা ধরে। অবশিষ্ট তিনটি দল নির্ধারিত হবে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ভিত্তিতে, যার চূড়ান্ত হিসাব প্রকাশ করা হবে আগামী ৯ মার্চ (ফাইনালের পরদিন)।

 

বর্তমান র‌্যাংকিং অনুযায়ী বাংলাদেশ রয়েছে ৯ নম্বরে। তাদের ঠিক পরেই আছে আফগানিস্তান (১০) ও আয়ারল্যান্ড (১২)। নির্ধারিত সময়ের মধ্যে এই তিন দলের র‌্যাংকিংয়ে প্রভাব ফেলতে পারে এমন কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ না থাকায়, কার্যত ২০২৮ বিশ্বকাপে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের অংশগ্রহণ নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে।

 

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।