দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তাঁর গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। এ সময় শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
আজ সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে শপথ পড়াবেন।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, বিচারপতি, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কূটনীতিকরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানকে কেন্দ্র করে বিকেল থেকেই আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে আসতে শুরু করেন। বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বঙ্গভবনে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি ছিল বাড়তি নিরাপত্তা ও আনুষ্ঠানিক ব্যস্ততা।
নবনির্বাচিত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছানোর পর শপথগ্রহণের আনুষ্ঠানিকতা ঘিরে ব্যস্ততা আরও বেড়ে যায়।
সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।