দক্ষিণ পূর্ব

“শহীদদের স্মরণে চট্টগ্রামে ‘চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব’ শুরু”

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৯ জুন ২০২৬
পঠিত :
“শহীদদের স্মরণে চট্টগ্রামে ‘চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব’ শুরু”

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে ‘চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব’। সোমবার (৮ জুন) বিকেলে জেলা স্টেডিয়ামের অনুশীলন মাঠে এ উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিম আকরামের পিতা মো. শফিউল আলম, শহীদ তানভীরের ভাই খোরশেদ আলম এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম।

 

স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ সালাহউদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম।

 

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। চট্টগ্রাম শহরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলা হবে, যাতে কিশোর-যুবকেরা ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া কার্ডের প্রবর্তন করেছেন। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। চট্টগ্রামের ক্রীড়াঙ্গন অত্যন্ত সমৃদ্ধ। সবাই মিলে কাজ করলে এটি আরও এগিয়ে যাবে।”

 

সভাপতির বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, “দীর্ঘদিন ধরে ঝিমিয়ে পড়া চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আবারও প্রাণবন্ত করে তুলতে চাই। যাদের আত্মত্যাগে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি, সেই চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এ ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে। একসময় সামার স্টার থেকে জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটার উঠে এসেছেন। এবারও এই আয়োজন থেকে দক্ষ ও সম্ভাবনাময় খেলোয়াড় বেরিয়ে আসবে বলে আমরা আশা করছি।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সহ-সভাপতি মাহবুবুল আলম, সিজেকেএস কাউন্সিলর আ ন ম ওয়াহিদ দুলাল, প্রবীণ ঘোষ, আকতারুজ্জামান, নাসির মিয়া, সিরাজুল ইসলাম, হারুনুর রশিদ, জিএম হাসান, সরোয়ার মনি, কাজী জসীম উদ্দীন, আলী হাসান রাজু, ইয়াছিন আরাফাত পাবলু, এনামুল হক, সায়লা আবেদীন রীমা, সাইফুল আলম খান, আজাদুর রহমান, মো. হারুন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, বিপ্লব দে পার্থ, মনোয়ারা বেগম মনি, ফাতেমা বাদশা, আফরোজা খানম, দিদারুল আলম চৌধুরী, আজম খান, মোশাররফ হোসেন লিটন, নুর জাহেদ বাবলুসহ ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

উদ্বোধনী দিনের খেলায় কাবাডি (পুরুষ) বিভাগে এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব কর্ণফুলী ক্লাবকে পরাজিত করে। ভলিবল (মহিলা) বিভাগে চট্টগ্রাম সিটি করপোরেশন ৩-০ সেটে হালিশহর লাকী ক্লাবকে হারায়। অন্য ম্যাচে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী ২-১ সেটে কল্লোল সংঘ গ্রিনকে পরাজিত করে।

 

এবারের উৎসবে ক্রিকেটে ১২টি, ফুটবলে ১০টি, পুরুষ ভলিবলে ৮টি, মহিলা ভলিবলে ৪টি, পুরুষ কাবাডিতে ৮টি, মহিলা কাবাডিতে ২টি, হ্যান্ডবলে ৮টি এবং ব্যাডমিন্টনে ১৬টি দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী সব দলই চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত ক্লাব।

 

ফুটবল ও ক্রিকেটে চ্যাম্পিয়ন দল ট্রফিসহ ১ লাখ টাকা এবং রানার্সআপ দল ৫০ হাজার টাকা পুরস্কার পাবে। কাবাডি, ভলিবল ও হ্যান্ডবলে চ্যাম্পিয়ন দল পাবে ট্রফিসহ ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ৩০ হাজার টাকা। ব্যাডমিন্টনে একক চ্যাম্পিয়নকে ২০ হাজার, একক রানার্সআপকে ১০ হাজার, দ্বৈত চ্যাম্পিয়নকে ৩০ হাজার এবং দ্বৈত রানার্সআপকে ২০ হাজার টাকা প্রদান করা হবে।

 

উৎসবের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বিএসআরএম, পিএইচপি ফ্যামিলি, কাদেরিয়া প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেড, এমইবি গ্রুপ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।