দক্ষিণ পূর্ব

শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে: আমীর খসর

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩০ মে ২০২৬
পঠিত :
শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে: আমীর খসর

ছবি :সংগৃহীত

চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন এবং তাঁর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। জনগণের সুখ-দুঃখের অংশীদার হওয়ার মধ্য দিয়েই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।

 

শনিবার (৩০ মে) দুপুরে নগরীর কাজীর দেউরী মোড়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে দুঃস্থ, অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আমীর খসরু বলেন, “আমরা এমন একটি স্থানে দাঁড়িয়ে আছি, যার সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি গভীরভাবে জড়িত। এই সার্কিট হাউসেই তাঁকে হত্যা করা হয়েছিল। কিন্তু তাঁকে হত্যা করেও তাঁর আদর্শ ও দর্শনকে মুছে ফেলা যায়নি। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন।”

 

তিনি আরও বলেন, “শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে হলে তাঁর আদর্শ ধারণ করতে হবে এবং জনগণের পাশে থাকতে হবে। বিএনপির নেতাকর্মীদের মনে রাখতে হবে, জনগণই দলের মূল শক্তি। তাদের স্বার্থ, চাহিদা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।”

 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “যাদের জন্য আমরা রাজনীতি করি, সেই সাধারণ মানুষকে কখনো ভুলে গেলে চলবে না। তাদের সুখ-দুঃখ আমাদের ধারণ করতে হবে এবং রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।”

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “শহীদ জিয়া ছিলেন একজন ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। মহান মুক্তিযুদ্ধে তাঁর স্বাধীনতার ঘোষণা এবং সম্মুখ সমরে বীরত্বপূর্ণ অংশগ্রহণ জাতিকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়েছিল। দেশের এক সংকটময় সময়ে তিনি নেতৃত্ব দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।”

 

তিনি বলেন, “শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। তাঁর শাসনামলে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়েছিল। কৃষি ও শিল্প খাতের উন্নয়নের মাধ্যমে তিনি দেশের অর্থনীতিকে নতুন ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন।”

 

মেয়র আরও বলেন, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করাই শহীদ জিয়ার আদর্শের বাস্তব প্রতিফলন। জনগণকে সঙ্গে নিয়েই একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

 

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ও অতিথিরা উপস্থিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

 

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সদস্য মো. কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আবু সুফিয়ান এবং মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।