শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন, জিয়া স্মৃতি জাদুঘর, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নানা কর্মসূচির আয়োজন করেছে।
দলের প্রতিষ্ঠাতার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গুনিয়ায় অবস্থিত প্রেসিডেন্ট জিয়ার প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, খাদ্য ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করবে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।
বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ৮ দিনের কর্মসূচির অংশ হিসেবে গত ২৫ মে থেকে আগামী ১ জুন পর্যন্ত চট্টগ্রামজুড়ে কালো ব্যাজ ধারণ, খতমে কোরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা এবং দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে যথাযোগ্য মর্যাদায় শাহাদাতবার্ষিকী পালন করা হচ্ছে। শনিবার রাঙ্গুনিয়ায় প্রেসিডেন্ট জিয়ার প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টেরও আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. ইদ্রিছ জানান, দক্ষিণ চট্টগ্রামের প্রতিটি উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির আলোকে নানা আয়োজন বাস্তবায়ন করা হচ্ছে।
উত্তর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুচ চৌধুরী বলেন, শনিবার রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম মাজারে মানুষের ঢল নামবে বলে আশা করা হচ্ছে। সেখানে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।
রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মাজার রাঙ্গুনিয়ায় হওয়ায় আমরা গর্বিত। আগত মানুষের সুবিধার্থে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যানজট এড়াতে প্রশাসনের পাশাপাশি দলের কর্মীরাও দায়িত্ব পালন করবেন।”
এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
চট্টগ্রামস্থ জিয়া স্মৃতি জাদুঘরের উদ্যোগে শনিবার সকাল ১১টায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলও দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দুস্থদের মাঝে খাবার বিতরণ, ধর্মীয় প্রার্থনা, পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি। পাশাপাশি মহানগর যুবদল ও ছাত্রদল পৃথক কর্মসূচি পালন করবে।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু জানান, শনিবার নগরীর বিভিন্ন থানায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। এছাড়া মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, ৩১ মে নগরীর বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হবে। একইদিন বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন থাকবে।
অন্যদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র।
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন জানান, এ উপলক্ষে ‘স্বাধীনতার ঘোষক জিয়া’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র সম্প্রচার করা হবে। এছাড়া ‘মৃত্যুঞ্জয়ী স্বাধীনতার ঘোষক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান প্রচারিত হবে। এতে আলোচক হিসেবে অংশ নেবেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সিনিয়র সাংবাদিক শাহ নেওয়াজ।
এছাড়াও কবিতাপাঠ, সংগীতানুষ্ঠান ‘কমল থেকে শহিদ জিয়া’, বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আমরা কমল কুঁড়ি’ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিভিন্ন উক্তি নিয়ে বিশেষ গ্রাফিক্স ভিডিও সম্প্রচার করা হবে।
মো. ঈমাম হোসাইন বলেন, নতুন প্রজন্মসহ সব বয়সী মানুষের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের কর্মময় জীবন ও অবদান তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।
আর এইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।