দক্ষিণ পূর্ব

শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা দর্শনার্থী প্রবেশ বন্ধ

মনির ফয়সাল
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫
পঠিত :
শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা দর্শনার্থী প্রবেশ বন্ধ

দক্ষিণপূর্ব ডেস্ক 


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত যাত্রী ছাড়া অন্য সবার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। যাত্রীসেবা, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতে এ বিশেষ ব্যবস্থা নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার প্রেক্ষাপটে বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আগাম এই বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।


বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শুধু বৈধ টিকিটধারী যাত্রীদেরই বিমানবন্দর টার্মিনালে প্রবেশের অনুমতি দেওয়া হবে। যাত্রীদের সঙ্গে আসা স্বজন, দর্শনার্থী বা অন্য ব্যক্তিরা এ সময় বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবে না।


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ এক বিজ্ঞপ্তিতে বলেন, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম সুশৃঙ্খল রাখতে এই সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ বিষয়ে যাত্রী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করেছে কর্তৃপক্ষ।


বিমানবন্দর সূত্রে আরও জানা গেছে, নির্ধারিত সময় শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে আগের নিয়ম অনুযায়ী সহযাত্রী ও ভিজিটর প্রবেশের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।


এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।