দক্ষিণ পূর্ব

শাহজাহান চৌধুরীর আরও এক ভিডিও ভাইরাল

মনির ফয়সাল
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫
পঠিত :
শাহজাহান চৌধুরীর আরও এক ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক

আলোচনা-সমালোচনার মধ্যেই জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর আরও একটি বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে ফেসবুকে ঘুরছে এই ভিডিও। ১ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, ‘আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না। আমি শুনতেছি, অনেক জনে নাকি উল্টাপাল্টা বলতেছে। খবরদার, খবরদার; আমি শাহজাহান চৌধুরী। আমাকে যারা চিনে না, তারা এখনও মাটির নিচে বসবাস করে। আমার জন্য আল্লাহ আছে। আল্লাহর মেহেরবানি, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তায়ালা আমাকে এ রকম মর্যাদা দিয়েছেন।’

ভিডিওতে শাহজাহান চৌধুরী আরও বলেন, ‘আমার চোখের পানি বৃথা যায়নি। এই এলাকা আমার শায়খ, আমার ওস্তাদ মাওলানা মমিনুল হক চৌধুরীর জন্মস্থান। এই এলাকা মাওলানা চৌধুরীর এলাকা। আমি এলাকাকে সম্মান করি, এই এলাকার মাটিকে সম্মান করি। এখানে কোনও রাজনীতি নেই। এখানো আর কোনও মার্কা নেই, সাতকানিয়া-লোহাগাড়ার মার্কা একটা, সেটা হলো দাঁড়িপাল্লা মার্কা।’

বক্তব্যের একপর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে শাহজাহান চৌধুরী বলেন, ‘আমি যদি চোখের পানি ফেলি, লুলা (পঙ্গু) হয়ে যাবে। আমি অনেক কষ্ট পেয়েছি। ১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খেটেছি। আমি টাকাপয়সা, ধনদৌলত, কাপড়চোপড়, পরিবার দেখিনি। আমি আপনাদের দুয়ারে আজকে এসেছি। আমরা স্বার্থপর নই। আমি দুইবারের এমপি। কোনও দিন এক কড়া জমিও নিইনি।’

১৩ নভেম্বর সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় গণসংযোগকালে শাহজাহান চৌধুরী এই বক্তব্য দিয়েছিলেন বলে চট্টগ্রাম জামায়াতের কয়েকজন নেতা ও স্থানীয় বাসিন্দাদের তরফে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত (২২ নভেম্বর) জামায়াতের চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে শাহজাহান চৌধুরী প্রশাসনকে কব্জায় আনা নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। বক্তব্য ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।

পরে গত মঙ্গলবার (২৫ নভেম্বর) শাহজাহান চৌধুরীকে দলীয় ব্যবস্থা হিসেবে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আগামী ৭দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয় নোটিশে।

উল্লেখ্য, শাহজাহান চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলাম থেকে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মনোনীত প্রার্থী।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।