দক্ষিণ পূর্ব

শাহাজাহান চৌধুরীকে আইনের আওতায় আনার দাবি চট্টগ্রাম মহানগর বিএনপির

মনির ফয়সাল
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫
পঠিত :
শাহাজাহান চৌধুরীকে আইনের আওতায় আনার দাবি চট্টগ্রাম মহানগর বিএনপির
নিজস্ব প্রতিবেদক

জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। রবিবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমান এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়। 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জামায়াতে আমিরের উপস্থিতিতে দেওয়া শাহাজাহান চৌধুরীর এই মন্তব্য শুধু দায়িত্বজ্ঞানহীনই নয়, বরং স্পষ্টতই ষড়যন্ত্রপ্রসূত, ঔদ্ধত্যপূর্ণ এবং স্বৈরতান্ত্রিক মনোভাবপূর্ণ। তার এমন বক্তব্য নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল ও উত্তেজনামূলক করে তোলার একটি সুস্পষ্ট অপচেষ্টা, যা গণতান্ত্রিক রাজনীতির নীতি, আচার ও আদর্শের উপর সরাসরি আঘাত হানে।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, প্রশাসনের প্রতি প্রকাশ্য হুমকি, নির্বাচনী প্রক্রিয়াকে নিয়ন্ত্রণের ইঙ্গিত এবং জনগণের ভোটাধিকারকে খর্ব করার উদ্দেশ্যে এমন বক্তব্য প্রদান রাজনৈতিক দায়িত্ববোধবর্জিত আচরণের জঘন্য উদাহরণ। এটি দেশের নির্বাচন ব্যবস্থা ও গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংসের লক্ষ্যে পরিকল্পিতভাবে পরিচালিত একটি অপতৎপরতারই অংশ। শাহাজাহান চৌধুরীর ভাষায় যে স্বৈরতান্ত্রিক মানসিকতা প্রতিফলিত হয়েছে, তা অতীতের মানবতাবিরোধী অপশক্তির বর্বরতা ও দমননীতির করুণ স্মৃতি মনে করিয়ে দেয়।

নেতৃবৃন্দ বলেন, নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সব রাজনৈতিক শক্তির দায়িত্বশীল অবস্থান অপরিহার্য। কিন্তু শাহাজাহান চৌধুরীর বক্তব্য নির্বাচনী শৃঙ্খলা, প্রশাসনিক নিরাপত্তা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে এক ধরনের উস্কানিমূলক হামলা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই বক্তব্যের মাধ্যমে তিনি জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতাকে বিপন্ন করার অপপ্রয়াস চালাচ্ছেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব যৌথ বিবৃতিতে দৃঢ়ভাবে দাবি করেন, শাহাজাহান চৌধুরীকে তার রাজনৈতিক শালীনতাবিরোধী, ঘৃণ্য, ষড়যন্ত্রপ্রসূত, ঔদ্ধত্যপূর্ণ ও স্বৈরতান্ত্রিক মনোভাবপূর্ণ বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। একইসঙ্গে নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি আহ্বান জানান, গণতন্ত্র, নির্বাচন ও রাষ্ট্রীয় শৃঙ্খলার বিরুদ্ধে এই উস্কানিমূলক বক্তব্য প্রদানের কারণে শাহাজাহান চৌধুরীকে দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, গণতন্ত্রবিরোধী অপশক্তি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রকে প্রতিহত করতে দেশের সচেতন জনগণকে এগিয়ে আসতে হবে। চট্টগ্রাম মহানগর বিএনপি সর্বদা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে অবিচল থাকবে এবং জনগণের ভোটাধিকার রক্ষায় আপসহীন ভূমিকা পালন করবে।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।