বিদায়ী ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর কাছে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।
জনসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে ড. নিয়াজ আহমদ খান তাঁর মূল কর্মস্থল উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপকের পদে ফেরার জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন।
সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উপাচার্যের মতামত জানতে চান এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।
জবাবে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা কার্যক্রম, চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বৃহত্তর শিক্ষাখাতের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শিক্ষামন্ত্রী দেশের গুরুত্বপূর্ণ সময়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাঁর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শুভেচ্ছা জানান।এর আগে, জাতীয় নির্বাচনের দুদিন আগে গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।