শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং খন্দকিয়া চিকনদণ্ডী শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি।
শনিবার (২০ জুন) সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার খন্দকিয়া চিকনদণ্ডী শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অডিটোরিয়াম হলরুমে আয়োজিত নবীন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, তোমরাই আগামী দিনের বাংলাদেশ। নিজেদের মেধা, যোগ্যতা ও সততার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. সুপ্রতাপ পাল শিক্ষার্থীদের সফলতার জন্য কঠোর পরিশ্রম, সময়ানুবর্তিতা এবং মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে নবীন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য প্রফেসর ড. কাজী মো. মেজবাউল আলম, মো. গোলাম কিবরিয়া চৌধুরী, মো. নজরুল ইসলাম খোকন, দাতা সদস্য ফারুক আহমেদ, হিতৈষী সদস্য মো. গোলাম কিবরিয়াসহ গভর্নিং বডির সদস্যবৃন্দ, অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রাণবন্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
দক্ষিণপূর্ব /মহিউদ্দিন/ আর এইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।