দক্ষিণ পূর্ব

শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষাবান্ধব পরিবেশ জরুরি: প্রতিমন্ত্রী মীর হেলাল

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ০৪:১৩ দুপুর
পঠিত : ২৪
শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষাবান্ধব পরিবেশ জরুরি: প্রতিমন্ত্রী মীর হেলাল

ছবি

Degchibarictg

নবনির্মিত স্কুল ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হয়েছে। সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশে পাঠদান এবং শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এ ধরনের অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি। শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন একটি দক্ষ, জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করে। ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন এ লক্ষ্য অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশ নিতে উৎসাহিত করে। একই সঙ্গে তাদের মধ্যে অধ্যবসায়, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি, দক্ষ শিক্ষক নিয়োগ, আধুনিক পাঠদান পদ্ধতি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ সম্প্রসারণ জরুরি। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার মাধ্যমে উন্নত সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়ক উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল্লাহ আল আহসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর ইসলাম ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী হাটহাজারীর চৌধুরীহাট পল্লীমঙ্গল সমিতির মাঠে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে পূজার উপহার বিতরণ করেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।