দক্ষিণপূর্ব ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত ১৫-১৬ বছর ধরে দেশে জ্ঞানচর্চা ও বিজ্ঞানচর্চার সুযোগ না থাকায় সমাজে মাস্তান ও গুন্ডা তৈরি হচ্ছে। তিনি অভিযোগ করেন, ছাত্রদের শিক্ষা ও চরিত্র গঠনের পরিবর্তে কেবল মিছিল-মিটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
রোববার (৫ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে “আমরা বিএনপি পরিবার” আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘একটি গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের শিক্ষার মান এখনো উন্নত নয়। পাঠ্যক্রম আপডেট নয়, অবকাঠামোগত দিক থেকেও পিছিয়ে আছি। শিক্ষক ও শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে অনেক দূরে। দেশের প্রায় ৪০ শতাংশ বিদ্যালয়ে কোনো প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম নেই, যা গ্রামীণ অঞ্চলে আরও ভয়াবহ।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের সামনে উন্নয়নের ফানুস দেখানো হয়েছে— মেট্রোরেল, উড়াল সেতু, ফ্লাইওভার— কিন্তু জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাই ফ্যাসিস্টদের কাজ।’
রিজভী সাম্প্রতিক এক ঘটনার উল্লেখ করে বলেন, ‘খবরে দেখলাম ছাত্রলীগের এক নেতা দেশের প্রধান উপদেষ্টাকে হত্যার পরিকল্পনা করেছেন। যদি দেশে সত্যিকারের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা চালু থাকত, তাহলে একজন শিক্ষার্থী কখনো এমন অপরাধের চিন্তাও করত না।’
তিনি শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।
এসএস
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।