মোহাম্মদ রিয়াদ হোসেন
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে গ্যাস লিকেজের ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে দুর্ঘটনার কারণ ও উৎস উদঘাটন এবং দায়ীদের শনাক্ত করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ তদন্ত কমিটি গঠন করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে কমিটির আহ্বায়ক এবং সীতাকুণ্ডের সহকারী কমিশনারকে (ভূমি) সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড, পরিবেশ অধিদপ্তর ও বিস্ফোরক পরিদপ্তরের প্রতিনিধিরা।
তদন্তের প্রয়োজনে কমিটি এক বা একাধিক সদস্যকে কো-অপ্ট করতে পারবে।
তদন্ত কমিটিকে দুর্ঘটনার উৎস ও কারণ উদঘাটনের পাশাপাশি এর পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশও দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, এ ঘটনায় নিহতদের মধ্যে আটজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া দুইজন গুরুতর আহতসহ আরও কয়েকজন আহত হয়েছেন। তারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নিহতরা হলেন—হারাং দাসের ছেলে পলাশ দাস, মৃত প্রদীপ দাসের ছেলে সানি দাস, সেকান্দারের ছেলে মো. মনচুর ও নাসির উদ্দিন, হারুন মিয়ার ছেলে রানা মিয়া, আবদুল মালেকের ছেলে হাবিবুর রহমান, মো. রানার ছেলে খোকন মিয়া, মো. আলীর ছেলে আবদুল আলিম সুজন এবং মো. হানিফের ছেলে মতিউর রহমান।
এর আগে শুক্রবার সকালে ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে স্ক্র্যাপ জাহাজের ট্যাংক থেকে গ্যাস লিকেজের ঘটনায় একাধিক শ্রমিক হতাহত হন। পরে উদ্ধার তৎপরতা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিস কাজ করে।
/দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।