শুক্রবার (১৬ অক্টোবর) ফাইনালে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
১৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার মাইমুনা নাহের ও আচেনা জান্নাত কেউই রানের খাতা খুলতে পারেননি। মাইমুনা ২ বল এবং আচেনা ৭ বল খেলে শূন্য রানে আউট হন। শিরিনা খাতুনও সুবিধা করতে পারেননি। ৭ বলে করেন মাত্র ৬ রান।
এ অবস্থায় চতুর্থ উইকেটে নিশিতা আক্তার নিশিকে নিয়ে দলকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখান অধিনায়ক সাদিয়া ইসলাম। এরপর সাদিয়া আক্তারের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের আশা জোরালো হয় বাংলাদেশের।
দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন অধিনায়ক সাদিয়া ইসলাম। মাত্র ৩৫ বলে খেলা তার ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছক্কা। শেষ ওভারে আউট হওয়ার আগে ২২ বলে ৩৫ রান করেন সাদিয়া আক্তার। নিশি করেন ৩৫ রান। এ ছাড়া ফারজানা ১১, বিবি আয়েশা ৩ ও জান্নাতুল ফেরদৌস ৪ রান করেন।
তবে শেষ পর্যন্ত লক্ষ্য ছুঁতে পারেনি বাংলাদেশের মেয়েরা। মাত্র ৪ রানের ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া হয় তাদের।
এর আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় শ্রীলঙ্কা। দুই ওপেনারের পর টপঅর্ডার ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে দলটি।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন ওপেনার সাঞ্জানা কাভিন্দি। উমায়াঙ্গানা পেইরিসের ব্যাট থেকে আসে ২৮ রান। এ ছাড়া বালাসুলিয়া ২৩, উপেক্ষা ২২, সেওমিনি ১৫ ও মেথসারা ১ রান করেন। শাসিনি গিমানি কোনো রান করতে পারেননি।
শেষ পর্যন্ত বাংলাদেশের লড়াকু পারফরম্যান্স সত্ত্বেও ৪ রানের জয়ে শিরোপা নিজেদের করে নেয় শ্রীলঙ্কা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।