দক্ষিণ পূর্ব

সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেবে বিশেষ কমিটি

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৪ আগস্ট ২০২৬
পঠিত :
সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেবে বিশেষ কমিটি

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংবিধান সংশোধনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয় এবং এ প্রক্রিয়ায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

 

মঙ্গলবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি।

 

বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আন্দালিভ রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং সংসদ সদস্য সাকিলা ফারজানা ও মো. মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন।

 

বৈঠকে কমিটির সদস্যরা সংবিধান সংশোধনকে জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন। এ লক্ষ্যে জুলাই আন্দোলনের যোদ্ধা, আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য, সংবিধান বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধি, শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সদস্য, বিরোধী দলের প্রতিনিধি এবং অন্যান্য অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

কমিটির অভিমত, সংবিধান সংশোধনের পুরো প্রক্রিয়াটি এমনভাবে পরিচালিত হবে, যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ নিজেদের এ উদ্যোগের অংশীদার মনে করেন। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কার্যকর ও সময়োপযোগী সংবিধান নিশ্চিত করার লক্ষ্যেও কাজ করবে কমিটি।

 

বৈঠকে আরও বলা হয়, জুলাই চেতনা এবং জুলাই সনদের মূলনীতি ধারণ করেই সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নেওয়া হবে।

 

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও বিশেষ কমিটির সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবসহ আইন মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।