চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাদের সঙ্গে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সভায় দলের নেতাদের উদ্দেশে তিনি বিভিন্ন দিকনির্দেশনা দেবেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার জে এম সেন হল পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মাহবুবের রহমান শামীম বলেন, সন্ধ্যার মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেবেন। সেখানে তিনি চট্টগ্রামের বিএনপি নেতাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেবেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়েই তাঁর বার্তা ও আলোচনার বিষয়গুলো স্পষ্ট হবে।
সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি সংসদ সদস্য, দলের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা উপস্থিত থাকবেন।
জে এম সেন হল পরিদর্শনকালে মাহবুবের রহমান শামীমের সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়ত হোসেন এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ অন্যরা।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।