দক্ষিণ পূর্ব

সব ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর: এসপি মাসুদ আলম

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১ জুলাই ২০২৬
পঠিত :
সব ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর: এসপি মাসুদ আলম

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং সব ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি বলেছেন, ধর্মীয় স্বাধীনতা, উপাসনালয়ের নিরাপত্তা এবং নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের অন্যতম দায়িত্ব।

 

বুধবার (১ জুলাই) নগরের দুই নম্বর গেইট এলাকায় চট্টগ্রাম জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে পরিচিতি, পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা যেন নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে বিষয়ে জেলা পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।

 

তিনি পূজা উদযাপন কমিটির নেতাদের উদ্দেশে বলেন, প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। মানসম্মত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সেগুলো সচল রাখা, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োজিত করা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত পুলিশকে জানাতে হবে। ধৈর্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখলে যেকোনো ধরনের অপচেষ্টা সফল হবে না।

 

মো. মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতারা নিজেদের পরিচয় তুলে ধরেন। পরে তারা জেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যমান সমস্যা এবং করণীয় বিষয়ে নিজেদের মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন।

 

সভায় জেলা পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন এবং যেকোনো প্রয়োজনে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 

আর এইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।