দক্ষিণ পূর্ব

সম্মিলিত ইসলামী ব্যাংকে হেয়ারকাট বা‌তিল,টাকা তুলতে পারবেন চাহিদামতো

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ আপডেট : ১ সপ্তাহ আগে
পঠিত : ৪৪
সম্মিলিত ইসলামী ব্যাংকে হেয়ারকাট বা‌তিল,টাকা তুলতে পারবেন চাহিদামতো

সম্মিলিত ইসলামী ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে আমানত ফেরতের নির্ধারিত সীমার বাইরে ব্যক্তিশ্রেণির আমানতকারীদের প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ দিতে ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার ( ২৫ আগস্ট )  সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবেদুর রহমান সিকদারের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নর—ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমেদ, মো. সরোয়ার হোসেন ও মো. আমিনুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে গভর্নর আমানতকারীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ব্যাংকটির চেয়ারম্যান ও এমডিকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিশেষ করে আমানতের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকবে না— এ বিষয়টি সব আমানতকারীর কাছে স্পষ্টভাবে তুলে ধরতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকবে না বলে ঘোষণা দেওয়ার পরও বিষয়টি নিয়ে অনেক আমানতকারীর মধ্যে অস্পষ্টতা রয়েছে। এ কারণে ব্যাংকটির সব আমানতকারীকে বিষয়টি পরিষ্কারভাবে জানাতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

গভর্নরের নির্দেশনায় বলা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের কোনো আমানতকারীর মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না। বিষয়টি আমানতকারীদের কাছে স্পষ্টভাবে জানাতে হবে, যাতে এ নিয়ে তাদের মধ্যে কোনো বিভ্রান্তি না থাকে।

গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ঘোষিত নীতিমালা অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিশ্রেণির আমানতকারীদের প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ দিতে ব্যাংক কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ক্ষেত্রে আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ ফেরতের জন্য নির্ধারিত সীমার বাইরে প্রয়োজন অনুযায়ী অর্থ তোলার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ, নির্ধারিত পরিমাণ অর্থ ফেরতের পাশাপাশি ব্যক্তিগত আমানতকারীরা জরুরি প্রয়োজন মেটাতে আরও অর্থ উত্তোলন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনার পর আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিশ্রেণির আমানতকারীদের অর্থ উত্তোলনের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ না থাকার বিষয়টি আমানতকারীদের কাছে স্পষ্টভাবে তুলে ধরবে ব্যাংক কর্তৃপক্ষ।

দেশের সবচেয়ে বড় এবং একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক হিসেবে ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটির কার্যক্রম দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চেয়ারম্যান ও এমডিকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

বৈঠকে ব্যাংকটির বর্তমান পরিস্থিতি, আমানতকারীদের অর্থ ফেরত, অর্থ উত্তোলনের সুযোগ এবং ব্যাংকের সার্বিক কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হয়। আমানতকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সেবা ও কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার ওপর গুরুত্ব দেন গভর্নর।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।


আরএইচ

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।